মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ১১৮ বাংলাদেশি আটক

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ১১৮ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ১১৮ জনই বাংলাদেশি নাগরিক।

গত শুক্রবার (১৯ জুন) মধ্যরাতের পর কুয়ালালামপুরের পুডু মার্কেটের কাছের একটি বহুতল ভবনে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। মালয়েশীয় সংবাদমাধ্যম ‘হারিয়ান মেট্রো’র বরাতে ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই ভবনে বসবাসরত ৩২০ জন বিদেশি নাগরিকের নথিপত্র তল্লাশি করা হয়। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া, বৈধ ভ্রমণ নথি বা উপযুক্ত পারমিট (পাস) না থাকার অপরাধে ১৮৬ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশি পুরুষ রয়েছেন ১১৮ জন। এ ছাড়া আটককৃত অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে রয়েছেন ২৮ জন ইন্দোনেশীয় (৭ জন পুরুষ ও ২১ জন নারী), ২৬ জন মিয়ানমারের নাগরিক (১৩ জন পুরুষ ও ১৩ জন নারী), ৫ জন ভিয়েতনামী, ৪ জন নেপালি, ২ জন ভারতীয়, ২ জন চীনা এবং ১ জন পাকিস্তানি নাগরিক।

শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই বিশাল অভিযানে ইমিগ্রেশন বিভাগ, মালয়েশীয় পুলিশ, কুয়ালালামপুর সিটি হল এবং দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের মোট ১৩৭ জন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন। আটক হওয়া সব বিদেশি নাগরিককে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য দেশটির নির্ধারিত ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন