টুপটুপ রিসোর্টের আগুনে নিভে গেল বরিশালের নূর আলমের সংসার

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
টুপটুপ রিসোর্টের আগুনে নিভে গেল বরিশালের নূর আলমের সংসার

সাঈদ পান্থ (বরিশাল): কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়েছেন বরিশালের উজিরপুরের নূর আলম। অফিসের জরুরি কাজে একদিন আগে চুয়াডাঙ্গায় ফিরে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে গেলেও মুহূর্তে তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।

বেসরকারি ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা নূর আলম চাকরির সুবাদে সপরিবারে চুয়াডাঙ্গায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর অসুস্থতার কারণে গত বুধবার (১৪ অক্টোবর) তিনি স্ত্রী ফারিয়া কবির (৩৩) ও পাঁচ বছরের ছেলে ফাইজান নূরকে নিয়ে ঢাকায় যান এবং পরদিন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে যান।

কক্সবাজারে পৌঁছানোর পর অফিসের জরুরি ডাকে গত শুক্রবার (১৬ অক্টোবর) তিনি একা চুয়াডাঙ্গায় ফেরেন। এর পর দিন শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসোর্টে ভয়াবহ আগুনের খবর পেয়ে তিনি স্বজনদের খোঁজ নিতে শুরু করেন এবং জানতে পারেন আগুনে তার পরিবারের সবাই নিহত হয়েছেন।

শনিবার সকালে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিস মোট ১০ জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—নূর আলমের স্ত্রী ফারিয়া কবির, ছেলে ফাইজান নূর, শ্যালক নাসির উদ্দিন (২৫) এবং তিন শ্যালিকা ইসরাত জাহান মালিহা (৩০), লায়লা জাহান নাবিলা (২৭) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩)। এ ছাড়া নিহত ফারিয়া কবিরের মামা-মামিসহ আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নূর আলমের বাবা মোহাম্মদ আলী রাঢ়ী জানান, একসাথে পরিবারের সবাইকে হারানোর এই বেদনা তাদের পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। নিহতদের মরদেহ ঢাকায় দাফন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসাথে স্ত্রী, সন্তান ও স্বজনদের হারিয়ে বাকরুদ্ধ নূর আলমের আনন্দভ্রমণ এখন রূপ নিয়েছে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিতে।

এআইএল/সকালবেলা