গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় প্রকাশ

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় প্রকাশ

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে এক যুগান্তকারী রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের এই রায় প্রকাশিত হয়।

রায়ে আদালত স্পষ্ট করেছেন যে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা নারীর প্রতি বৈষম্য এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। এটি সামাজিক ভারসাম্যহীনতা তৈরি করে এবং বাংলাদেশের সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি। আদালতের মতে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও লঙ্ঘন।

আদালত স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ৬ মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি ও তা নিয়মিত হালনাগাদের নির্দেশ দিয়েছেন। যেখানে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষিত থাকবে।শুধু গাইডলাইন নয়, ডিজিটাল নজরদারি ও জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে এই অনৈতিক কার্যক্রম বন্ধের ওপর জোর দিয়েছেন আদালত।ভারতসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে আদালত জানান, লিঙ্গ নির্ধারণ আইন দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন।

হাইকোর্ট এই নির্দেশনাকে “continuous mandamus” হিসেবে ঘোষণা করেছেন। এর ফলে আদালতের এই নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা ভবিষ্যতে আদালত নিজেই তদারকি করতে পারবেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন