মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসন প্রকল্পে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বিল্লাল হোসেনের আদি বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলায়। তিনি মাত্র সাত দিন আগে ঝিনাইদহের ওই আবাসন প্রকল্পে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে এবং হাতে ১০ টাকা দিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যান বিল্লাল। সেখানে তিনি শিশুটির ওপর ধর্ষণের চেষ্টা চালান।
ওই সময় শিশুটির আর্তচিৎকার ও কান্নাকাটি শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা ঘর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং অভিযুক্ত বিল্লাল হোসেনকে হাতেনাতে আটকে ফেলেন। পরে ক্ষুব্ধ জনতা জঘন্য এই অপরাধের জন্য অভিযুক্তকে গণধোলাই দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, “আমরা যদি চিৎকার শুনে সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছাতাম, তবে শিশুটিকে ধর্ষণ করে হয়তো হত্যাই করা হতো। এতে একটি পরিবারের বুক খালি হয়ে যেত। আমরা এই জঘন্য ও পাশবিক অপরাধের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি দাবি করছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা