আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়ে তাঁবুতে চরম অমানবিক জীবনযাপন করার পরও ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উদার মানসিকতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নরওয়ের একজন প্রখ্যাত চিকিৎসক। ফিলিস্তিনিদের এই অনন্য মানবিক গুণ দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের চিকিৎসক ড. ম্যাডস গিলবার্ট সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে গাজায় ধ্বংসস্তূপের মাঝে বসবাসকারী ফিলিস্তিনিদের আতিথেয়তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি বলেন, "আপনি যদি আজকেও গাজার কোনো শরণার্থী শিবিরে যান এবং সেখানকার যেকোনো একটি তাঁবুতে প্রবেশ করেন, তবে দেখতে পাবেন যে নিজেদের চরম সংকট থাকা সত্ত্বেও তারা আপনার জন্য খাবার তৈরি করবে এবং আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে।"
ড. ম্যাডস গিলবার্ট ফিলিস্তিনিদের প্রশংসা করে আরও বলেন, "গাজার মানুষ কেবল আপনাকে খাওয়াবেই না, বরং পরম মমতায় আপনার খোঁজখবর নেবে এবং আপনার জীবন কেমন কাটছে তা জানতে চাইবে। নিজেদের সবকিছু হারিয়েও তারা আপনার কাছে নিজেদের দুর্দশা বা কষ্টের কথা নিয়ে কোনো অভিযোগ বা অনুযোগ করবে না; কারণ তারা অত্যন্ত উচ্চ মর্যাদাসম্পন্ন ও আত্মমর্যাদাশীল মানুষ।"
গাজার জনগণের এই অদম্য মানসিকতাকে সম্মান জানিয়ে পডকাস্টের শেষপর্যায়ে এই নরওয়েজীয় চিকিৎসক বলেন, "গাজার মানুষকে সংজ্ঞায়িত করার জন্য আমার কাছে বিশেষ তিনটি শব্দ রয়েছে— প্রতিরোধ (Resistance), শিষ্টাচার (Respect/Etiquette) এবং স্থিতিস্থাপকতা বা অবিচলতা (Steadfastness)।"
সূত্র: এক্সপ্রেস নিউজ।
এআইএল/সকালবেলা