জামিন পেলেন সেই ইমি

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
জামিন পেলেন সেই ইমি

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঘটনার প্রেক্ষাপট: চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে রিকশায় মাইক বেঁধে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি পালন করছিলেন ইমিসহ কয়েকজন। ওই সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন 'জাতীয় ছাত্র শক্তি'র আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই কর্মসূচিতে বাধা দেন। এক পর্যায়ে ইমি ও তাঁর সহযোগীদের রিকশাসহ শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ তাঁদের আটক করে।

মামলা ও আইনি প্রক্রিয়া: আটকের পরদিন ৮ মার্চ শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ কারাভোগের পর উচ্চ আদালত থেকে আজ জামিন পেলেন ইমি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন