‘লাল-সবুজ’ খাতায় আদালতের হিসাব রাখছেন ইনু
প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আদালতকে জানিয়েছেন, তিনি কারাগারে দুটি খাতা—‘একটি লাল ও আরেকটি সবুজ’—রেখেছেন, যেখানে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য ও কোন আদালত কোন আদেশ দিচ্ছেন, তার সবকিছুর হিসাব সংরক্ষণ করছেন।
আজ সোমবার (২২ জুন) রাজধানীর বংশাল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে হাজির করা হলে তিনি এ মন্তব্য করেন।
আদালতে শুনানির সময় ইনু বলেন, কোন আদালত কী আদেশ দিচ্ছেন এবং কোন আইনজীবী আদালতে কী বলছেন, তার সবকিছুর রেকর্ড তিনি এই খাতায় সংরক্ষণ করছেন। শুনানি শেষে আদালত ইনু ও রাশেদ খান মেনন উভয়কে বংশাল থানার এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। শুনানির আগে আদালতের হাজতখানায় দীর্ঘ সময় অপেক্ষা করানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইনু দাবি করেন, বিচার বিভাগ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, তিনি এসব বিষয়ে বিস্তারিত নোট রাখছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল মোড়ে নাজিমউদ্দীন রোডে একটি মিছিলে অংশ নেওয়ার সময় বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মোখলেছিন বাদী হয়ে গত বছরের ১ জানুয়ারি একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
|