দেশে নিবন্ধিত টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
অনলাইন ডেস্ক: দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদের টেবিলে এই পরিসংখ্যান তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের এই অধিবেশন শুরু হয়।
গণমাধ্যমের বিস্তারিত বিবরণ দিয়ে তথ্যমন্ত্রী জানান, দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং সরকারের অনাপত্তি পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। অনুমোদন পাওয়া এসব চ্যানেলের মধ্যে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রকাশিত সংবাদপত্রের হিসাব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সারাদেশ থেকে বর্তমানে প্রকাশিত ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকার মধ্যে ঢাকা থেকে ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হচ্ছে।
নিবন্ধিত ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টালের শ্রেণিবিভাগ উল্লেখ করে তিনি আরও জানান, দেশে বর্তমানে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ৬১টি পোর্টাল সরকারিভাবে নিবন্ধিত রয়েছে।
|