ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ছাত্রদলের
অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। আজ সোমবার (২২ জুন) দুপুরে ক্যাম্পাস পরিদর্শনে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ তথ্য জানান শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
সমাবেশে সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত ও বিগত দিনে অপরাধ করা সবাইকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাহী বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আবারও ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার জন্য সুগভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই অপতৎপরতা রুখতে আমি ছাত্রদলের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।’
সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা গুম, খুন ও পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতা নির্বিচারে হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা অশুভ উপায়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করলেও দেশের সচেতন জনগণ তাদের আর কখনোই গ্রহণ করবে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যেখানেই তারা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।’
এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাসে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা সাবেক স্বৈরাচারী সরকার ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন সরকারবিরোধী ও স্বৈরাচারবিরোধী স্লোগান দেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|