মামার বিয়েতে এসে খোলা ড্রেনে পড়ে শিশুর করুণ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মায়ের হাত ফসকে খোলা ড্রেনে পড়ে স্মৃতি আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এই করুণ পরিণতির শিকার হয় শিশুটি।
রবিবার (২১ জুন) দিবাগত রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
নিহত স্মৃতি আক্তার কুমিল্লার লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নগরীর ছোটরা মফিজাবাদ কলোনিতে আসে স্মৃতি। অনুষ্ঠান শেষে রাতে মা কোহিনুর আক্তারের হাত ধরে সে বাসায় ফিরছিল। রাস্তায় জলাবদ্ধতা থাকায় কোনো রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন মা-মেয়ে। এ সময় হঠাৎ মায়ের হাত থেকে পা পিছলে গভীর ড্রেনে পড়ে যায় স্মৃতি। পানির তীব্র স্রোতে তলিয়ে যাওয়ার পর প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ছোটরা এলাকায় ড্রেনের ওপরের অধিকাংশ স্ল্যাব দীর্ঘদিন ধরে ভেঙে রয়েছে। বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে রাস্তার গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না। ফলে রাতের অন্ধকারে প্রায়ই পথচারীরা এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নিহত শিশুর বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেওয়া হয়েছে। ওই এলাকার ড্রেনের ওপরের ভাঙা স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, এই ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
|