এবার এআই-এর শিকার জাহিদ হাসান, মামলার হুশিয়ারি

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
এবার এআই-এর শিকার জাহিদ হাসান, মামলার হুশিয়ারি
বিনোদন প্রতিবেদক: বিনোদন জগতে বর্তমানে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার। হলিউড থেকে শুরু করে বিশ্বজুড়ে হাজারো তারকা এখন ডিপফেকের শিকার। সেই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রচারের কবলে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান।

‘BizBuzz’ নামের একটি ইউটিউব চ্যানেল জাহিদ হাসানের একটি পুরনো ভিডিও ফুটেজ—যা মূলত সহকর্মী শামস সুমনের মৃত্যুর সময়কার তার আবেগঘন কান্নার দৃশ্য—সেটিকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে একটি বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে। ভিডিওতে দাবি করা হয়েছে, জাহিদ হাসান ও তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ-এর দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে। পাশাপাশি মৌ-এর বেশ কিছু কৃত্রিম ছবি ব্যবহার করা হয়েছে।

বিষয়টি নিয়ে জাহিদ হাসান গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এসব কী হচ্ছে? ভিডিওতে আমার পুরনো একটি আবেগঘন বক্তব্যকে বিকৃত করে ব্যবহার করা হয়েছে। আমাদের দাম্পত্য জীবন নিয়ে সম্পূর্ণ বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দাম্পত্য জীবনে অনেক সুখে আছি। ব্যক্তিগত জীবন নিয়ে এমন নোংরা মিথ্যাচার ও বিকৃত ছবি ব্যবহারের ঘটনায় আমি সত্যিই মর্মাহত। আমরা কোন দেশে বাস করছি?’

এই ঘটনায় দায়ীদের ছাড় দিতে নারাজ জাহিদ হাসান। তিনি জানান, ইতিমধ্যে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। অভিনেতা বলেন, ‘আমি এই ঘটনার প্রতিবাদে মন্ত্রণালয়ে অভিযোগ জানাব এবং দেশের সাইবার ট্রাইব্যুনালে মামলা করব। এআই-এর এমন ভয়ংকর অপব্যবহারের বিরুদ্ধে শুধু তারকাই নয়, সব শ্রেণি-পেশার মানুষের সোচ্চার হওয়া জরুরি।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ভিডিওর বিরুদ্ধে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জাহিদ হাসান ও মৌ-এর মতো সুখী দম্পতিকে নিয়ে ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে এমন কুৎসা রটানোর বিরুদ্ধে নেটিজেনরা কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন