ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: সাংবাদিক ইউনিয়ন ফেনীর (রেজিঃ নং কুমিল্লা-১৫৫) আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বর্তমান সভাপতির একক সিদ্ধান্তে গঠিত নির্বাচন কমিশন ও অসাংবাদিকদের নিয়ে তৈরি ভোটার তালিকা বাতিলের দাবিতে আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সংগঠনের একাধিক সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালে নিবন্ধিত এই সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে সিদ্দিক মামুন গত তিন বছর কোনো সাধারণ সভা বা বার্ষিক হিসাব সদস্যদের জানাননি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর কার্যনির্বাহী কমিটির কোনো সিদ্ধান্ত বা শ্রম দপ্তরের অনুমতি ছাড়াই তিনি নিজের পত্রিকার প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করেছেন।
সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়েছে ৫৫ জনের একটি ভোটার তালিকা নিয়ে। অভিযোগ উঠেছে, প্রথম সারির জাতীয় দৈনিকের প্রতিনিধিদের সদস্য না করে সভাপতি তার অনুগত ও নিজ পত্রিকার প্রতিনিধিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। জ্যেষ্ঠ সাংবাদিকরা দাবি করেছেন, এই তালিকায় চা দোকানি, পান দোকানি, ইলেকট্রিশিয়ান ও হোটেল ব্যবসায়ীদের নাম রয়েছে, যাদের সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই।
অনিয়মের প্রতিবাদে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান শুক্রবার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জানান, বিএফইউজের বিধি অনুযায়ী সিদ্দিক মামুন একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হওয়ায় ইউনিয়নের সদস্য থাকতে পারেন না, অথচ তিনি গায়ের জোরে সংগঠন চালাচ্ছেন। অন্যদিকে, অভিযোগকারী আবরার হোসেন ও জ্যেষ্ঠ সাংবাদিক এ কে এম আবদুর রহিম প্রকৃত পেশাদার সাংবাদিকদের বাদ দিয়ে ‘গোডাউন’ স্টাইলে অসাংবাদিকদের সদস্য করার তীব্র নিন্দা জানিয়েছেন।
কুমিল্লা আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়নস মো. আবুল বাশার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ