নাটকে বিনা পয়সায় দেখলে সিনেমায় কেউ নেবে না: পূর্ণিমা

নাটকে বিনা পয়সায় দেখলে সিনেমায় কেউ নেবে না: পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় কাজ করা নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

ছোট পর্দায় কাজ ও সমালোচনা: চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও টেলিফিল্মে কাজ করা নিয়ে একসময় ঢালিউডে নেতিবাচক ধারণা ছিল। পূর্ণিমা জানান, ক্যারিয়ারের এক পর্যায়ে অনেকে তাকে সতর্ক করে বলতেন, ‘তুমি সিনেমার নায়িকা, নাটকে কেন যাচ্ছ? ফ্রিতে (বিনামূল্যে) দেখতে পেলে কেউ তোমাকে ফিল্মে কাজে নেবে না।’

কাজের প্রতি দৃষ্টিভঙ্গি: এমন মন্তব্যের ভিড়েও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন পূর্ণিমা। তাঁর কাছে মাধ্যম নয়, অভিনয়ই ছিল প্রধান। তিনি বলেন, “নাটক, টেলিফিল্ম এসব জায়গাও আমার কাছে কমফোর্ট জোন। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে ভালো গল্প পেলে কাজ করতে ভালো লাগত।” এই মানসিকতার কারণেই বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে দর্শকপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।

সাফল্যের পথচলা: মাত্র ১৫ বছর বয়সে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। দীর্ঘ ক্যারিয়ারে রিয়াজ, মান্না, শাকিব খান ও ফেরদৌসের মতো শীর্ষ নায়কদের সঙ্গে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই তারকা। সম্প্রতি তাঁর অভিনীত ‘আহারে জীবন’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন