আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিক আকাশসীমা খুলে দিল ইরান

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিক আকাশসীমা খুলে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শনিবার (১৮ এপ্রিল) আংশিকভাবে আকাশসীমার পূর্বাঞ্চল খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। তথ্যসূত্র: আল জাজিরা।

সংস্থাটি জানায়, দেশের পূর্ব অংশের আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন থেকে ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে। একই সঙ্গে স্থানীয় সময় সকাল ৭টা থেকে নির্দিষ্ট কিছু বিমানবন্দরও পুনরায় চালু করা হয়েছে।

তবে আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণার তিন ঘণ্টারও বেশি সময় পরও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের তেমন কোনো উল্লেখযোগ্য চিত্র দেখা যায়নি। নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক বিমান এখনও দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে।

এর আগে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ইরানের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন আংশিকভাবে আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্তকে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন