ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এএফপি, ওয়াশিংটন: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ।
শনিবার (১১ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথকে ‘মুক্ত’ করার প্রক্রিয়া শুরু করেছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার কোনো ধরনের বিপত্তি ছাড়াই সফলভাবে প্রণালীটি অতিক্রম করেছে। অন্যদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এই অভিযান পরিচালনার ক্ষেত্রে তেহরানের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের সমন্বয় বা যোগাযোগ করা হয়নি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা এখন হরমুজ প্রণালী পরিষ্কার বা মুক্ত করার প্রক্রিয়া শুরু করছি।” তিনি আরও দাবি করেন, চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর এই কাজ করার সাহস বা ইচ্ছা নেই, তাই যুক্তরাষ্ট্র তাদের হয়ে এই ‘উপকার’ করছে।
ট্রাম্প জোর দিয়ে বলেন, চলমান এই দ্বন্দ্বে ইরান ‘বড় ধরনের পরাজয়ের’ মুখে রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইনগুলো এখনো বড় হুমকি। উল্লেখ্য, বিশ্বের মোট উত্তোলিত অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বোমাবর্ষণ শুরু করার পর থেকেই তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছিল। যদিও চলতি সপ্তাহের শুরুতে কার্যকর হওয়া নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত ছিল এই প্রণালীটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া।
এদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং বিশ্ব অর্থনীতিতে তেলের সংকট কাটাতে শনিবার থেকে পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: আল আরাবিয়া ইংলিশ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ