বিজিবির অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে আধুনিক সার্ভেইল্যান্স প্রযুক্তি ব্যবহার করে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। উখিয়া ব্যাটালিয়নের পরিচালিত এই অভিযানে আনুমানিক ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দিকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে জানা যায়, চোরাকারবারীদের একটি দল মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। খবর পেয়ে হ্নীলা বিওপির একটি টহল দল ভোর ৩টার দিকে সীমান্তবর্তী গোলপাতা এলাকায় অবস্থান নেয়।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা প্লাস্টিকের ব্যাগগুলো ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন