ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এইচআইভি (HIV) আক্রান্ত এক যুবক জোরপূর্বক নিজের রক্ত তরুণীর শরীরে পুশ করার প্রায় এক মাস পর ওই তরুণী বিষণ্নতা ও সামাজিক গ্লানি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।
শনিবার (১১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হায়দ্রাবাদের অন্নজিগুড়া এলাকায় গত শুক্রবার সকালে ২৩ বছর বয়সী ওই তরুণীর মরদেহ তার দাদি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মনোহর এবং ভুক্তভোগী রমণী একে অপরের আত্মীয় ছিলেন এবং তাদের মধ্যে বিয়ের কথা চলছিল। গত বছর সেপ্টেম্বরে বিয়ের আগে মনোহরের রক্ত পরীক্ষায় তার শরীরে এইচআইভি ধরা পড়ে। এই সংবাদ জানার পর রমণীর পরিবার বিয়েটি ভেঙে দেয়।
বিয়ের প্রস্তাব বাতিল হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত মার্চ মাসে মনোহর ওই তরুণীর বাড়িতে ঢুকে এক ভয়াবহ কাণ্ড ঘটায়। সে একটি সিরিঞ্জের মাধ্যমে নিজের শরীর থেকে রক্ত বের করে জোরপূর্বক রমণীর শরীরে পুশ করে দেয়। এ ঘটনার পর রমণী অসুস্থ হয়ে পড়লে পুরো বিষয়টি সামনে আসে এবং তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ মনোহরকে গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠায়।
ঘটনার পর থেকে ওই তরুণী তীব্র মানসিক চাপ, ভয় এবং সামাজিক লজ্জায় ভুগছিলেন। যদিও ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল, কিন্তু এইচআইভি সংক্রমিত হওয়ার আতঙ্ক এবং প্রিয়জনের দেওয়া এই নিষ্ঠুর প্রতিদান তিনি মেনে নিতে পারেননি। শুক্রবার বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
পুলিশ এই ঘটনায় একটি নতুন মামলা দায়ের করেছে এবং ঘটনার অধিকতর তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের পাশাপাশি অভিযুক্তের প্রতি চরম ক্ষোভ বিরাজ করছে।
সূত্র: ডেইলি জং।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ