দিনাজপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

আবু রায়হান, রংপুর: দিনাজপুরে র‍্যাব-১৩ এর পৃথক দুটি সফল অভিযানে ফেনসিডিল জাতীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মো. আইন উদ্দীন (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প) জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) দিনাজপুর কোতোয়ালী থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১টার দিকে কোতোয়ালী থানাধীন শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায়। সেখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের বাড়ির পাশে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ এবং ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল মাদক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যায় কেরু বিল্লাল।

এরপর সকাল ৭টা ২০ মিনিটে উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিলাদীঘি এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখানে মো. আনারুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৩৪ বোতল মাদকসহ (২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেনসিগ্রীপ) মো. আইন উদ্দীনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে অভিনব কায়দায় মাদক সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ১,১১৩ বোতল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত মালামাল দিনাজপুর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকের মূল উৎপাটনে তাদের এই কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন