জামায়াতও আওয়ামী লীগের পথে হাঁটছে: আবদুস সালাম

জামায়াতও আওয়ামী লীগের পথে হাঁটছে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা এবং তারা উভয়েই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 'সাংস্কৃতিক দল' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। 

তিনি দাবি করেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা করেছে, জামায়াতও বর্তমানে সেই একই পথে হাঁটছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কারণে তারা সফল হতে পারছে না।

আবদুস সালাম বলেন, "রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি, জামায়াতকেও আমরা রাজপথেই মোকাবিলা করব।" তিনি অভিযোগ করেন, উভয় দলই সংসদ ও সরকারকে অসহযোগিতা করে দেশকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন এবং বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি আরও বলেন, "তারেক রহমানও সেই একই স্বপ্ন বাস্তবায়নে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন এবং দেশের জনগণ তাঁর পাশে আছে।"

জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ গড়ার পথে হাঁটছেন বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খেলোয়াড়দের সম্মাননা প্রদানের বিষয়টিও তিনি ইতিবাচকভাবে তুলে ধরেন।

 সংসদে জাতীয় সংগীত বাজার সময় জামায়াত ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "তাদের মনে এখনো পাকিস্তান। একজন (শেখ মুজিব) পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, আর অন্য দল (জামায়াত) পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল।"

আবদুস সালাম তাঁর বক্তব্যে তারেক রহমানের দেশে ফেরাকে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন যে, হাজার কোটি টাকা খরচ করেও কোনো শক্তি তারেক রহমানের জনপ্রিয়তা কমাতে পারেনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন