ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সরবরাহ কমেছে, যার ফলে সামনে তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধি পেতে পারে।
আজ সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সামনে অত্যন্ত কঠিন সময়। যুদ্ধ আমাদের অনেক ক্ষতি করছে। এর ফলে তেলের দাম এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমাদের এসব পরিস্থিতি মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
দেশের চলমান তেল সংকট ও বিভিন্ন স্থানে পাম্প ভাঙচুরের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “যুদ্ধ লেগেছে বলেই তেলের সরবরাহ কম। কিন্তু এই অজুহাতে পাম্প ভাঙচুর করা মোটেও সমীচীন নয়। আমরা যেকোনো ধরনের ‘মব’ বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না।”
রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, “একটি দলের নেতারা এবার জনগণকে বেহেশতে নিতে পারল না। আমরা কাজ করার মাধ্যমে বেহেশতে যেতে চাই। ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। এ দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা এখানে কাজ করতে এসেছি এবং কাজ করেই যাব।”
কৃষকদের সমস্যার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “ঝড়-বৃষ্টিতে গম ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমাদের কৃষকদের দীর্ঘদিনের ভাগ্য। আমরা এসব সমস্যা বুঝি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছেন।”
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “সারা দেশে কয়েক কোটি নারীর জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, যার মাধ্যমে তারা সরাসরি সহযোগিতা পাবেন। এছাড়া কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে গোটা দেশে ২০ হাজার খাল খনন প্রকল্প সম্পন্ন করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ