ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গাংগাটিয়া জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরীর সাথে আলাপচারিতায় জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ।
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ঐতিহাসিক গাংগাটিয়া এলাকার একমাত্র জীবিত জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)। গত রোববার সন্ধ্যায় জমিদারের নিজ বাসভবনে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক ও জমিদার একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অতীতের জমিদারি প্রথা, গাংগাটিয়া জমিদার বাড়ির সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। মানবেন্দ্র নাথ চৌধুরী তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং জমিদারি আমলের নানা স্মৃতিচারণ করেন।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ বলেন, “গাংগাটিয়া জমিদার বাড়ি আমাদের জেলার এক অনন্য প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সম্পদ। অতীতের এই ঐতিহ্যকে সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এলাকার উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের গুণী ব্যক্তিদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকে এলাকার বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক পরিবর্তন নিয়েও দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ মতবিনিময় হয়। জেলা পরিষদ প্রশাসক অতীত ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
স্থানীয় বিশিষ্টজনরা এই সাক্ষাৎকে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তারা মনে করছেন, বর্তমান প্রশাসনের সাথে ইতিহাসের এই মেলবন্ধন জেলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়কে আরও শক্তিশালী করবে। সাক্ষাৎকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ