আর্সেনালকে বিষাদে ডুবিয়ে শিরোপা উৎসব সিটির

আর্সেনালকে বিষাদে ডুবিয়ে শিরোপা উৎসব সিটির

ওয়েম্বলিতে শিরোপা উল্লাসে মাতোয়ারা ম্যানচেস্টার সিটির ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই জায়ান্টের লড়াইয়ে শেষ হাসি হাসল ম্যানচেস্টার সিটি। কারাবাও কাপের হাইভোল্টেজ ফাইনালে আর্সেনালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে পেপ গার্দিওলার দল। নিকো ও’রাইলির জোড়া হেডে গানারদের ‘কোয়াড্রপল’ বা এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে শিরোপা উৎসবে মাতল সিটিজেনরা।

২০২০ সালের পর প্রথম কোনো ট্রফি জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মিকেল আরতেতার আর্সেনাল। অন্যদিকে, এই প্রতিযোগিতার ইতিহাসে সফলতম কোচ হওয়ার হাতছানি ছিল গার্দিওলার সামনে। লড়াইটি সমানে সমান হলেও কৌশল ও অভিজ্ঞতায় শেষ পর্যন্ত জয় পেয়েছে সিটি।

ফাইনালের চারটি উল্লেখযোগ্য দিক:

১. গোলরক্ষকদের ভাগ্য বদল: দুই কোচই নিয়মিত গোলরক্ষক দাভিদ রায়া ও জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বিশ্রামে রেখে ব্যাক-আপ গোলরক্ষকদের ওপর ভরসা করেছিলেন। তবে আর্সেনালের কেপা আরিজাবালাগার জন্য দিনটি ছিল চরম হতাশার। তার কিছু ভুল সিদ্ধান্ত গানারদের পিছিয়ে দেয়। বিপরীতে সিটির জেমস ট্রাফোর্ড ছিলেন অতন্দ্র প্রহরী, যখনই প্রয়োজন হয়েছে তখনই দলকে রক্ষা করেছেন।

২. গার্দিওলার আগ্রাসী ক্ষুধা: মৌসুম শেষে গার্দিওলা ইতিহাদ ছাড়তে পারেন—এমন গুঞ্জনের মধ্যেই কারাবাও কাপে নিজের পঞ্চম শিরোপা জিতলেন এই মাস্টারমাইন্ড। ও’রাইলির গোলের পর ডাগআউটে গার্দিওলার বুনো উদযাপন ছিল চোখে পড়ার মতো। বিজ্ঞাপন বোর্ডে লাথি মারা থেকে শুরু করে জোসে মরিনিওর মতো ভোঁ-দৌড়—গার্দিওলার এমন আগ্রাসী রূপ অনেকদিন দেখেনি ফুটবল বিশ্ব।

৩. প্লে-মেকারহীন আর্সেনালের কঙ্কালসার দশা: মার্টিন ওডেগার্ড ও এবারিচি ইজের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে আরতেতার দল। মাঝমাঠে সৃজনশীলতার অভাব ঢাকতে কাই হাভার্টজ ও ভিক্টর ইয়োকেরেসদের শারীরিক শক্তি কাজে লাগাতে চেয়েছিল আর্সেনাল। কিন্তু দ্বিতীয়র্ধের প্রথম ২০ মিনিট আর্সেনালকে স্রেফ নাচিয়ে ছেড়েছে সিটি। কোনো প্লে-মেকার ছাড়া আর্সেনালকে মাঠে বেশ অসহায় মনে হয়েছে।

৪. শিরোপা লড়াইয়ে নতুন মোড়: প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আর্সেনাল এখনো ৯ পয়েন্টে এগিয়ে থাকলেও, এই হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। লিগে এক ম্যাচ কম খেলেছে সিটি, তার ওপর ইতিহাদ স্টেডিয়ামে আরও একবার মুখোমুখি হবে এই দুই দল। ওয়েম্বলির এই জয় সিটিকে লিগের শিরোপা লড়াইয়ে নতুন রসদ জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন