বিজয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

বিজয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ ও পাশবিক ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি এবাদত হোসেনকে (১৯) গ্রেফতার করেছে র‍্যাব-৯। 

মঙ্গলবার (১০ মার্চ ) ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মার্চ সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে এবাদত ও তার সহযোগীরা। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে দীর্ঘ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে জানা যায়, মেয়েটিকে একটি নির্জন স্থানে আটকে রেখে দিনের পর দিন পাশবিক নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বিজয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি র‍্যাব-৯ (সিলেটের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প)-এর নজরে আসলে তারা ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র‍্যাবের একটি চৌকস দল পাহাড়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে এবাদতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে:

"আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। ভিকটিমের জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম কঠোরভাবে পরিচালনা করা হবে।"

স্কুলছাত্রীর ওপর এমন জঘন্য অপরাধের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন