আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

আলীকদমে অসুস্থ ও অনাথ শিশুদের পাশে বিজিবি, আর্থিক অনুদান প্রদান

ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় গুরুতর অসুস্থ ব্যক্তি ও অনাথ শিক্ষার্থীদের সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

বিজিবি কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী উপস্থিত থেকে এই অনুদান হস্তান্তর করেন। কর্মসূচির আওতায়:

  • আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নের শারীরিক অক্ষমতাজনিত ১৩ জন গুরুতর অসুস্থ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

  • ৪ জন অনাথ শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালানোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ‘অপারেশন উত্তরণ’ কর্মসূচির আওতায় নিয়মিত জনকল্যাণমূলক কাজ করছে বাহিনীটি। দুর্গম পাহাড়ের নৃ-গোষ্ঠী ও বাঙালিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে বিজিবি স্থানীয়দের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

বিজিবির এমন মহতী উদ্যোগ পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুদান প্রদান অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, দুর্গম জনপদের মানুষের কল্যানে তাঁদের এই মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন