ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পুলিশি অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল বিরিশিরি এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা বিক্রির উদ্দেশ্যে এই অবৈধ মদের চালান নিয়ে যাচ্ছিলেন।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং পৌর শহরকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ