চিলাহাটিতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

চিলাহাটিতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

মোঃ মকবুলার রহমান, ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির ব্যস্ততম চৌরাস্তায় লাইসেন্সবিহীন এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল থেকে চিলাহাটি বাজার সংলগ্ন চৌরাস্তায় ডোমার থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা অবস্থান নেন। অভিযান চলাকালে প্রতিটি মোটরসাইকেল থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সনদ এবং হেলমেট ব্যবহারের বিষয়টি নিবিড়ভাবে যাচাই করা হয়। এ সময় আইন অমান্যকারী বেশ কয়েকজন চালককে আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় হেলমেট ছাড়া এবং লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া চলাচলের কারণে ছোট-বড় দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শুধু জরিমানা বা শাস্তি নয়, চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেও পরামর্শ দিচ্ছে পুলিশ। অনেক চালক ভবিষ্যতে নিয়ম মেনে চলার এবং দ্রুত লাইসেন্স সংগ্রহের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেন, এই অভিযান যেন কেবল একদিনের জন্য না হয়; বরং নিয়মিত তদারকির মাধ্যমে সড়কে স্থায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে চিলাহাটির গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতেও পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন