বন্ধ কারখানা সচল করতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক: নতুন গভর্নর

বন্ধ কারখানা সচল করতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক: নতুন গভর্নর

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করতে বিশেষ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান এই সিদ্ধান্ত নেন। দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

মুখপাত্র জানান, গত দেড় বছরে যেসব শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো সচল করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা দেওয়া হবে। ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যার মূল লক্ষ্য উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরি করা। গভর্নর মো. মোস্তাকুর রহমান সকালে দায়িত্ব নিয়েই ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন এবং অর্থনীতিতে গতি ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন গভর্নর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উচ্চ সুদের হার যদি বিনিয়োগে বাধা হয়ে দাঁড়ায়, তবে তা পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন জোরদার করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়মভিত্তিক করা এবং কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর মাধ্যমে পুরো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন