ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, Bangladesh Bank Order, 1972-এর ১০(৫) ধারা অনুযায়ী তাঁকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন। এর আগে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯২ সালে আইসিএমএবি থেকে পেশাদার যোগ্যতা অর্জন করেন।
মোস্তাকুর রহমান একজন জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স বিশেষজ্ঞ হিসেবে করপোরেট ফাইন্যান্স ও রপ্তানি অর্থনীতিতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। বর্তমানে তিনি ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের সদস্য হিসেবে কাজ করেছেন। ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ তদারকিতেও তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ