ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর-দেবহাটা (সাতক্ষীরা-২) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, একটি সুন্দর ও মডেল জেলা গড়তে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত পরিবেশ এবং পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরাকে একটি উন্নত জনপদে রূপান্তর করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, "আমি কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য আসিনি। আমার যা কিছু আছে তা গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছি। আমি 'দলকানা' হয়ে কাজ করব না; সাতক্ষীরার প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে যাব।" তিনি বিশেষ করে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
উন্মুক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। সদর কৃষি অফিসার মনির হোসেন জানান, সদরের জলাবদ্ধতা নিরসন করা গেলে ৫০০০ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান শিক্ষকদের জাতীয়করণ ও শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। সাংবাদিক আবু সাইদ বিশ্বাস টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এছাড়া ভোমরা বন্দরের উন্নয়ন, ঘুষ বাণিজ্য বন্ধ এবং যানজট নিরসনে এমপির হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সুধীজন।
সভায় সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয়। মাদকের কারণেই চুরির ঘটনা বাড়ছে, তাই মাদক বন্ধে তিনি কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম শিশুপার্ক সংস্কার ও ফুটপাত দখলমুক্ত করার প্রস্তাব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে এবং এসিল্যান্ড মো. বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার মনির হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক প্রমুখ। সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ