ময়মনসিংহে অসচ্ছলদের দ্বারে দ্বারে হান্নান খানের খাদ্য ও চিকিৎসা সহায়তা

ময়মনসিংহে অসচ্ছলদের দ্বারে দ্বারে হান্নান খানের খাদ্য ও চিকিৎসা সহায়তা

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ২৭নং ওয়ার্ড আকুয়া এলাকায় অসচ্ছল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে তিনি এই উপহার তুলে দেন।

ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে এদিন প্রতিটি পরিবারকে চাল, ডাল, সেমাই ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী প্রদান করা হয়। কোনো আনুষ্ঠানিকতা বা লোকদেখানো আয়োজন না করে প্রকৃত সুবিধাবঞ্চিতদের তালিকা অনুযায়ী তাঁদের ঘরে ঘরে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি এদিন এক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সামগ্রী প্রদান করেন হান্নান খান। তিনি ওই অসুস্থ ব্যক্তির শয্যাপাশে কিছু সময় কাটান এবং ভবিষ্যতে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অ্যাডভোকেট এম এ হান্নান খান বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটি আমার একটি চলমান মানবিক প্রক্রিয়া। আমরা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবো।”

স্থানীয় বাসিন্দা মো. শিশির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন