ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: ‘সত্য ও ন্যায়ের পথে’—এই স্লোগানকে বুকে ধারণ করে একাদশ বর্ষের গৌরবোজ্জ্বল পথচলা শেষ করে দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটি ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পা রাখল।
২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি একদল উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করেছিল এই সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই গোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, গঠনমূলক সমালোচনা এবং ক্যাম্পাসের সাফল্য ও সমস্যাগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংগঠনটি আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে সংগঠনের সভাপতি শেখ রাসেল সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "গোবিপ্রবি সাংবাদিক সমিতি শুরু থেকেই ন্যায়ের পথে অবিচল ছিল। প্রতিবছর আমরা জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদ্যাপন করলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকায় সীমিত পরিসরে কর্মসূচি পালন করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে শীঘ্রই আমরা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করব।"
সংগঠনটির ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সত্য প্রকাশে গোবিপ্রবিসাস-এর এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ