সৌদিগামী ১৪৪টি ফ্লাইট বাতিল চরম ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
নিজস্ব প্রতিবেদক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা ও সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে জারি করা বিশেষ নিরাপত্তাজনিত সতর্কতার কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী মোট ১৪৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে সৌদিগামী এবং তথা থেকে ফেরত আসার অপেক্ষায় থাকা অন্তত ২২ হাজার ২১ জন সাধারণ যাত্রী, ওমরাহপালনকারী এবং প্রবাসী কর্মী মারাত্মক অনিশ্চয়তা ও চরম ভোগান্তির মুখোমুখি হয়েছেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে এই জরুরি হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বাতিল হওয়া মোট ১৪৪টি ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি সংযোগ বা ট্রানজিট ফ্লাইট। সরাসরি বাতিল হওয়া ফ্লাইট: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট। ট্রানজিট বাতিল হওয়া ফ্লাইট: ভারতের ইন্ডিগোর ৩০টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এমিরেটসের ১৪টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট।
নিরাপত্তা পর্যালোচনার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতোমধ্যে তাদের ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের ঢাকা-দাম্মাম সূচির সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। পাশাপাশি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে; তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নিয়মিত চালুর কথা জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
গত ১০ অক্টোবর হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদ বিমানবন্দরে ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর এর সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ রবিবার (২৫ অক্টোবর) থেকে রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’-এর ১ নম্বর টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ এবং ২ নম্বর টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পুনঃপরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
রিয়াদ বিমানবন্দর চালু হওয়া সত্ত্বেও বাংলাদেশ থেকে ওই রুটে বাতিল হওয়া নিয়মিত ফ্লাইটগুলো ঠিক কখন থেকে পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে পুনরায় ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে সতর্কবার্তা জারি করায় বিমানবন্দর সচল হলেও সার্বিক নিরাপত্তা শঙ্কা থেকে রেহাই মিলছে না। বিমানবন্দরে আসার আগেই যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে সময়সূচি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সকালবেলা / নুসরাত