আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস

অনলাইন ডেস্ক: আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকলেও আগামী ৭ অক্টোবর থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

দিনের ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস:

শনিবার (৩ অক্টোবর): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রবিবার (৪ অক্টোবর): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (৫ অক্টোবর): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার (৭ অক্টোবর): রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করতে পারে। এর ফলে ধীরে ধীরে দেশজুড়ে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব কমে আসবে।