৩ মাসের মধ্যে সরবে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল: ডিএমপি কমিশনার

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
৩ মাসের মধ্যে সরবে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল: ডিএমপি কমিশনার

বিশেষ প্রতিবেদক: আগামী তিন মাসের মধ্যে রাজধানীর তীব্র যানজটপ্রবণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি জানান, কেরানীগঞ্জের চুনকুটিয়ায় অবস্থিত ঝিলমিল প্রকল্পে ১০ একর ভূমিতে একটি অস্থায়ী বাস ডিপো নির্মাণের কাজ চলছে। অবকাঠামোগত প্রস্তুতি শেষ হলেই দুই টার্মিনাল সেখানে স্থানান্তর করা হবে।

শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালে ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিকায়ন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি প্রধান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে ১০ একর জমি ব্যবহারের অনুমোদন দিয়েছে এবং স্থানান্তরের কাজ জোরকদমে এগিয়ে চলেছে।

মোসলেহ উদ্দিন আরও জানান, স্থায়ী টার্মিনাল ও সমন্বিত পরিবহণ হাব গড়ে তুলতে রাজউকের মাধ্যমে পরবর্তীতে আরও ৭৫ একর জমি বরাদ্দ পাওয়া যাবে। দেশের দক্ষিণাঞ্চলীয় ১৯টি জেলার দূরপাল্লার বাস এবং বাদামতলী পাইকারি বাজারের পণ্যবাহী ট্রাকগুলোকে পর্যায়ক্রমে এই আন্তর্জাতিক মানের ট্রাফিকেই স্থানান্তরের রূপরেখা তৈরি করা হয়েছে। স্থায়ী অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত ১০ একর জমিতেই চলবে সাময়িক কার্যক্রম।

পরিবহণ ব্যবস্থা স্থানান্তরের সময়সীমা নিশ্চিত করে তিনি বলেন, 'আমরা সর্বোচ্চ ৯০ দিন সময় নির্ধারণ করেছি। আশা করছি নির্দিষ্ট সময়ে কাজ শেষে গুলিস্তান ও ফুলবাড়িয়ার সব গণপরিবহণ নতুন স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে।'

মহাখালী বাস টার্মিনাল প্রাঙ্গণে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কঠোর বার্তা দিয়ে ডিএমপি প্রধান সতর্ক করেন, সড়ক ও টার্মিনালে নৈরাজ্য বা নিয়ম লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং গোলাম মোহাম্মদ সিরাজ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা