পরীক্ষায় নিজে থেকেই ৩টি প্রতিষ্ঠান হ্যাক করল গুগলের এআই মডেল জেমিনাই
প্রযুক্তি ডেস্ক: সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করে সম্পূর্ণ নিজ উদ্যোগে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং পরিচালনা করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনাই’। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মানুষের সুনির্দিষ্ট নির্দেশ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের সাইবার আক্রমণ পরিচালনার এটিই প্রথম কোনো জানা উদাহরণ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি বিশেষ প্রতিবেদনের বরাতে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি রুটিন সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় জেমিনাইয়ের এই অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ আচরণটি ধরা পড়ে। ইরেগুলারের একজন মুখপাত্র জানিয়েছেন, এটি অন্যন্য এআই ল্যাবগুলোর মুখোমুখি হওয়া সাধারণ সমস্যার সঙ্গেই খাপ খায় এবং গত জুলাই মাসের শেষের দিকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। তবে নিজেদের অংশের সব পরিচিত নিরাপত্তা ত্রুটি ও সমস্যা ইতোমধ্যে কয়েক সপ্তাহ আগেই সমাধান করা হয়েছে বলে ইরেগুলারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষায় জেমিনাইয়ের হ্যাকিংয়ের ধরন সম্পর্কে প্রকাশ করা হয় যে, একটি নির্দিষ্ট ঘটনায় জেমিনাই মডেলটি বারবার পাসওয়ার্ড অনুমান বা ক্র্যাক (Password Brute-forcing) করে একটি সুরক্ষিত সিস্টেমে অননুমোদিত প্রবেশাধিকার অর্জন করে ফেলে। অন্য দুটি ভিন্ন ক্ষেত্রে মডেলটি ইন্টারনেটের একটি পাবলিক রিপোজিটরিতে সংবেদনশীল তথ্য খুঁজে বের করে এবং সেই তথ্য ব্যবহার করে অত্যন্ত চতুরতার সঙ্গে সুরক্ষিত সিস্টেমে ঢুকে পড়ে। এআই এজেন্টের এই দ্রুত বর্ধমান স্বায়ত্তশাসন এবং বিশ্বব্যাপী ইন্টারনেট ও সংবেদনশীল কম্পিউটার সিস্টেমে তাদের অবাধ প্রবেশের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের সুরক্ষাব্যবস্থা ও নীতিমালা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
জানা গেছে, মেটা, অ্যানথ্রোপিক এবং ওপেনএআই-এর মতো শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোও ইরেগুলারের সঙ্গে সম্পর্কিত এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা প্রকাশ করেছে। মেটা গত আগস্ট মাসে এক বিবৃতিতে জানায় যে, তাদের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাটি কোনো জটিল ‘স্যান্ডবক্স স্কেপ’ বা বড় ধরনের সাইবার আক্রমণ ছিল না। অন্যদিকে ইরেগুলার জানিয়েছে যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সাইবার নিরাপত্তা মূল্যায়নের জন্য আরও নিরাপদ ও কঠোর অনুশীলন নীতিমালা তৈরি করছে।
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে গুগলের কাছে আনুষ্ঠানিক মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে প্রযুক্তি জায়ান্ট গুগল কোনো প্রতিক্রিয়া বা সাড়া দেয়নি।