পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি সড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা পাড়ার আবদুর রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।
দুর্ঘটনায় আহতরা হলেন—পেকুয়া উপজেলার হরিণাফাঁড়ি এলাকার বাসিন্দা সিরাজ (৪২) ও শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর পরিবারের দুই সদস্য পাখি বেগম (৫৫) ও শিশু রামিম (১০)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা টৈটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (চট্টগ্রাম) থেকে আসা দ্রুতগামী ‘এস আলম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীই রক্তাক্ত ও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসান আলী ও আফজাল সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সেই তাঁদের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সেখান থেকে দুর্ঘটনাকবলিত এস আলম পরিবহনের বাস এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় ঘাতক বাসচালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এআইএল/সকালবেলা
|