হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন একটি ঐতিহাসিক সমঝোতার ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার পুরোপুরি উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
এই সমঝোতার পরপরই প্রণালিটি দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিগুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছেন, “জাহাজগুলো চলাচল শুরু করেছে, যার মধ্যে অনেকগুলোই তেল বোঝাই। হরমুজ প্রণালি থেকে এগুলো বের হয়ে আসছে। জাহাজগুলো সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত ও মুক্ত দক্ষিণ অঞ্চলীয় রুট (সাউদার্ন হাইওয়ে) ব্যবহার করে চলাচল করছে।”
জানা গেছে, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এই চুক্তিটি দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
|