বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ এক নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা দিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, একটি প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ বিষয়ক সম্মেলনের একটি অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় জ্বালানি সংকটকে বিনিয়োগের অন্যতম বড় বাধা হিসেবেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তিই হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বৈশ্বিক ঝুঁকিগুলো সফলভাবে মোকাবেলায় অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে হবে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে টেকসই, স্বচ্ছ এবং পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রথাগত খাতের বাইরে গিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করা হবে জানিয়ে ড. খলিলুর রহমান আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের মতো উদীয়মান বৈশ্বিক ক্ষেত্রগুলোতে সুনির্দিষ্ট সরকারি নীতিমালা ও পৃষ্ঠপোষকতা বাড়িয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরা হবে। বিডা আয়োজিত এই সম্মেলনে সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার করতে বাণিজ্য নীতি, অর্থায়ন ও নতুন প্রযুক্তির সম্ভাবনা নিয়ে তিনটি পৃথক প্লেনারি সেশন বা পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন