নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী বহনকারী একটি বাসের সঙ্গে সাধারণ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৫৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা খুলনা ক্যান্টনমেন্টগামী সেনাবাহিনীর প্রশিক্ষণার্থীবাহী ‘নড়াইল এক্সপ্রেস’ নামক একটি বাস কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছায়। ঠিক সেই সময় বিপরীত দিক কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘হিমেল সীমান্ত পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। এ সময় দুই বাসের ভেতরে থাকা অন্তত ৫৫ জন যাত্রী কম-বেশি আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে。