আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ভূখণ্ডে দেশটির গোয়েন্দা সংস্থার সাথে এক নজিরবিহীন যৌথ অভিযান পরিচালনা করে বৈশ্বিক ‘রেড নোটিশ’ভুক্ত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ ১০ তুর্কি বংশোদ্ভূত দুর্ধর্ষ ক্যাডারকে গ্রেপ্তার করেছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)।
আজ শনিবার (২৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তুর্কি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত আইএস জঙ্গিদের অত্যন্ত গোপনে সীমান্ত পার করে ইতিমধ্যেই তুরস্কে স্থানান্তর করা হয়েছে।
তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা ও দেশটির কাউন্টার টেররিজম পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদের পর ৯ জন জঙ্গিকে আদালতের মাধ্যমে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি একজনের রিমান্ডের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
তুর্কি নিরাপত্তা বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে, গ্রেপ্তারকৃত এই ১০ জঙ্গি মূলত তুরস্কের নাগরিক। তারা বিভিন্ন সময়ে সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয় এবং সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ গ্রহণ করে। এদের মধ্যে একজন ২০১৫ সালে তুরস্কের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ‘আঙ্কারা রেলওয়ে স্টেশন’ আত্মঘাতী বোমা হামলার মূল সমন্বয়ক ও পরিকল্পনাকারী হিসেবে জড়িত ছিল, যে হামলায় ১০৯ জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন।
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা সিরিয়ার অভ্যন্তরে এই ১০ জঙ্গির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করার পর সিরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করে। দুই দেশের গোয়েন্দা বাহিনীর নজিরবিহীন সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর লজিস্টিক নজরদারি চালানো হয়। পরবর্তীতে একটি নিখুঁত ও সুসংগঠিত কমান্ডো অপারেশনের মাধ্যমে সিরিয়ার মাটি থেকে তাদের বন্দি করে হাতকড়া পরিয়ে তুরস্কে নিয়ে আসা হয়।
পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে ধৃত জঙ্গিরা আইএসের যুদ্ধকৌশল, সামরিক ও ধর্মীয় দীক্ষা, অর্থায়ন এবং তুরস্কের ভেতরে নাশকতামূলক প্রোপাগান্ডা চালানোর চাঞ্চল্যকর নীলনকশা স্বীকার করেছে।
আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ দমনে আঙ্কারা ও দামেস্কের এই যৌথ অপারেশনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।
সূত্র: টিআরটি উর্দু।