জুয়েল রানা: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাটে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি দমন ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
আজ শনিবার (২৩ মে) বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। এ সময় তিনি কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা বলয় পর্যবেক্ষণ করেন এবং মাঠে দায়িত্বরত র্যাব সদস্যদের প্রয়োজনীয় ও কৌশলগত নির্দেশনা দেন।
র্যাব-১২ এর হেডকোয়ার্টার্স সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জসহ র্যাব-১২-এর আওতাধীন বিভিন্ন জেলার বড় বড় কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটকেন্দ্রিক যেকোনো ধরনের পকেটমার, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপরাধ দমন এবং ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
পশুর হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা, ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায় বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাকি টহলের পাশাপাশি অত্যাধুনিক ড্রোন ক্যামেরার মাধ্যমে হাটের চারপাশ ও সংলগ্ন মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোরবানির হাটে অন্যতম বড় আতঙ্ক জাল টাকার লেনদেন ঠেকাতে সাদা পোশাকে (গোয়েন্দা শাখা) র্যাব সদস্যদের বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। হাটে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
র্যাব আরও জানায়, মহাসড়কে বা নদীতে এক হাটের কোরবানির পশু অন্য হাটে জোরপূর্বক নামিয়ে নিয়ে যাওয়া বা হাটকেন্দ্রিক যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে তাদের কঠোর নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব-১২ কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানি ঈদকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা ও পশুর হাটের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে তাদের এই বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম ঈদ পর্যন্ত চলমান থাকবে।
এআইএল/সকালবেলা