শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর: অপু বিশ্বাস

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ণ
শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: একসময়ের ঢালিউডের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আগের মতো রুপালি পর্দায় এখন আর খুব একটা নিয়মিত দেখা না গেলেও আলোচনায় তিনি সবসময়ই থাকেন। বর্তমানে তিনি কাজ করছেন ‘দুর্বার’ সিনেমা নিয়ে। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। প্রায়শই ভিন্নধর্মী ফটোশুটের মাধ্যমে ভক্তদের চমকে দেন এই চিত্রনায়িকা। এবারও সম্পূর্ণ নতুন এক আধুনিক ও ওয়েস্টার্ন লুকের একগুচ্ছ ছবি শেয়ার করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন তিনি।

চিরাচরিত শাড়ি কিংবা ট্র্যাডিশনাল লুকের বাইরে এসে এবার সম্পূর্ণ আধুনিক ও গ্ল্যামারাস রূপে নিজেকে মেলে ধরেছেন অপু বিশ্বাস। ছবিতে অভিনেত্রীকে একটি কালো রঙের টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট-প্যান্ট পরা অবস্থায় বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটে একটি ক্ল্যাসিক মাত্রা যোগ করেছে।

ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই তা দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন— ‘শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর’ (Keep calm and wear your crown)।

ব্যতিক্রমী এই লুকে অপুকে দেখে তাঁর ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন। তবে এই নতুন লুক নিয়ে নেটিজেনদের মাঝে কিছুটা জল্পনাও তৈরি হয়।

অপু বিশ্বাসের পোস্ট করা ছবি শেয়ার করে এক নেটিজেন মন্তব্য করেন, এটি হয়তো তাঁর আসন্ন সিনেমা ‘দুর্বার’-এর কোনো বিশেষ লুক হতে পারে। তবে আসল সত্য জানা গেছে ভিন্ন সূত্রে— মূলত সম্প্রতি একটি নতুন শোরুমের ফিতা কাটতে (উদ্বোধন করতে) যাওয়ার জন্যই এই বিশেষ সাজে হাজির হয়েছিলেন অভিনেত্রী। যদিও তাঁর নতুন সিনেমার কাজের তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না, তবে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে প্রায়ই পসার জমাচ্ছেন এই ঢালিউড কুইন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন