বিনোদন ডেস্ক: শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তারকাদের রূপচর্চা, কসমেটিক ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক পদ্ধতির ব্যবহার নিয়ে এবার বেশ খোলামেলা ও বিস্ফোরক মন্তব্য করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি টেলিভিশন শোতে হাজির হয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে তমা মির্জা দাবি করেন এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতন হয়তো মনে হয়েছে যে, কিছু জিনিস করা।’
নিজের রূপ ও চেহারার পরিবর্তন নিয়েও কোনো লুকোছাপা না করে অকপটে কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তাঁর কথায়, পনেরো বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে পরিবর্তন তো থাকবেই। বয়সের সঙ্গে পরিবর্তন আলাদা বিষয়, কিন্তু কিছু জিনিস বোঝাই যায় পরিবর্তন করা হয়েছে।
চেহারার সৌন্দর্য ধরে রাখার আধুনিক এই পদ্ধতিগুলোকে সাধুবাদ জানিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়।
তিনি আরও যোগ করে বলেন, ‘তবে বয়সের সাথে সাথে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় চেঞ্জ হয়েছে। তো আমার খুব খারাপ লাগে অস্বীকার করার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না।’
শুধু অভিনেত্রীরাই নন, বর্তমানে পুরুষ তারকারাও বিভিন্ন সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্টে আগ্রহী হয়ে উঠছেন। এখনকার সময়ে চুল-দাড়ির বিশেষ পরিচর্যা, বোটক্স কিংবা মুখের দাগ দূর করার মতো ক্লিনিকাল থেরাপিগুলো বেশ সাধারণ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তমা মির্জা।