বিনোদন ডেস্ক: অভিনয় দিয়ে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনায় আসেন চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ালেও কিছুদিন আগেই নতুন করে বিয়ের খবর জানিয়েছিলেন এই নায়িকা। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ আনলেন সুবাহ। গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সুবাহ দাবি করেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় তিনি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি তীব্র মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। সুবাহ আরও জানান, তাঁর অতীত জীবন নিয়ে তাঁকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কের বিষয়গুলো তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
চিত্রনায়িকা সুবাহর ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও কয়েকটি বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। এসব অনৈতিক বিষয়ে আপত্তি জানালে তাঁকে মুখ বন্ধ বা নীরব থাকার জন্য চাপ দেওয়া হতো, নতুবা সম্পর্ক একবারে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, বিয়ের বিষয়টি সর্বসাধারণের সামনে বা প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকেই তিনি প্রতিনিয়ত নানা ধরনের হুমকি ও তীব্র মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন।
সুবাহ স্পষ্ট দাবি করেছেন তাঁর স্বামীর বিরুদ্ধে আনা এসব ঘটনার সব ধরনের তথ্য-প্রমাণ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে এবং সঠিক সময় এলে তা সবার সামনে প্রকাশ করবেন। বর্তমানে তিনি চরম মানসিক কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন বলেও পোস্টে উল্লেখ করেছেন।