মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কর্মীদের কম্পিউটারে মাউস ট্র্যাকিং সফটওয়্যার চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছেন মেটার কর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অফিসে লিফলেট বিতরণ ও অনলাইন পিটিশনের মাধ্যমে এই নজরদারির বিরোধিতা করা হচ্ছে। আসন্ন বড় আকারের ছাঁটাই পরিকল্পনার মধ্যেই কর্মীদের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মেটার মিটিং রুম, ভেন্ডিং মেশিন এমনকি টয়লেট পেপার ডিসপেনসারের ওপরেও প্রতিবাদী লিফলেট দেখা গেছে। লিফলেটগুলোতে লেখা ছিল— “আপনারা কি এমপ্লয়ি ডেটা এক্সট্র্যাকশন ফ্যাক্টরিতে কাজ করতে চান?” কর্মীদের অভিযোগ, মেটা তাদের কম্পিউটারে এমন প্রযুক্তি যুক্ত করেছে যা মাউসের নড়াচড়া, ক্লিক এবং মেনু ব্যবহারের প্রতিটি তথ্য সংগ্রহ করছে।

আন্দোলনরত কর্মীদের দাবি, এই তথ্যগুলো ব্যবহার করে এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করা হচ্ছে। তাদের আশঙ্কা, মেটা এমন প্রযুক্তি তৈরি করতে চাইছে যা একসময় কর্মীদেরই প্রতিস্থাপন করবে। বিশেষ করে আগামী সপ্তাহে মেটা তাদের মোট কর্মীর ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে বলে জানা গেছে, যা এই অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে।

তবে মেটা এই প্রযুক্তির প্রয়োজনীয়তার পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানের মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বিবৃতিতে বলেন, “মানুষ কীভাবে কম্পিউটার ব্যবহার করে, তা বোঝার জন্য বাস্তব তথ্য প্রয়োজন। মাউসের নড়াচড়া ও ক্লিকের ধরন বিশ্লেষণ করে এআই মডেলকে আরও কার্যকর করা সম্ভব, যা ভবিষ্যতে ব্যবহারকারীদের জটিল কাজ সম্পন্ন করতে সাহায্য করবে।”

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এটি মেটার ভেতরে বড় ধরনের কোনো শ্রমিক আন্দোলনের প্রাথমিক রূপ। কেবল যুক্তরাষ্ট্রেই নয়, যুক্তরাজ্যের মেটা কর্মীরাও ‘ইউনাইটেড টেক অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স’ সংগঠনের মাধ্যমে জোটবদ্ধ হচ্ছেন। কর্মীরা মনে করছেন, একদিকে তাদের চাকরি হারানোর শঙ্কা তৈরি করা হচ্ছে, অন্যদিকে তাদের আচরণ দিয়েই এমন এআইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যা তাদের স্থলাভিষিক্ত হতে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন