৫ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
৫ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ

মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের এখনও ১৪১ রান প্রয়োজন, হাতে আছে মাত্র ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের ওপর শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দলীয় ২ রানেই ওপেনার ইমাম-উল-হককে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। দ্বিতীয় উইকেটে আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করলে তা ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ১৫ রান করা ওয়াইসকে বোল্ড করেন তিনি। এরপর অধিনায়ক শান মাসুদকে মাত্র ২ রানে সাজঘরে পাঠান গতিদানব নাহিদ রানা।

এক প্রান্ত আগলে রেখে লড়াই করা আব্দুল্লাহ ফজলকে (৬৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। রিভিউ নিয়ে ফজলকে আউট করে বাংলাদেশ। এর ঠিক পরের ওভারেই তাসকিন আহমেদ ফেরান থিতু হওয়া সালমান আগাকে (২৬)। মাত্র ৬ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

এর আগে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২২ রানে আউট হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৭ রানের লড়াকু ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা শান্ত এবারও সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন। পাকিস্তানের হয়ে হাসান আলী ও নোমান আলী ৩টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ৩৮৬ রান করেছিল পাকিস্তান। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশের দেওয়া লক্ষ্য এখন পাকিস্তানের জন্য পাহাড়সম হয়ে দাঁড়িয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন