নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুল গাছের মগডালে, এলাকায় চাঞ্চল্য

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুল গাছের মগডালে, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার পর সা‌জেদা বেগম (৬০) না‌মে এক বৃদ্ধাকে বাড়ির পাশের একটি বিশাল তেঁতুল গা‌ছের মগডা‌লে খুঁজে পাওয়া গে‌ছে। বুধবার (৬ মে ২০২৬) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এই অলৌকিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘ‌টে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর থেকে সাজেদা বেগমকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে বিশাল এক তেঁতুল গাছের মগডালে তাঁকে দেখতে পান। স্থানীয়রা জানান, বৃদ্ধাকে গাছের মগডালে কখনো শুয়ে আবার কখনো বসা অবস্থায় দেখা যায়। এত উঁচুতে একজন বৃদ্ধা কীভাবে উঠলেন, তা নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের সদস্যদের আপত্তির কারণে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক (অ.দা) এনামুল হক ব‌লেন, “আমরা গিয়ে দেখি ওই নারী পুকুরধারের তেঁতুল গাছের একদম মগডালে বসে আছেন। পরিবারের আপত্তিতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এরই মধ্যে হঠাৎ তিনি গাছ থেকে সরাসরি পুকুরে লাফ দেন।”

গাছ থেকে লাফ দেওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে পুকুর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারী দল ও স্থানীয়দের ধারণা, সাজেদা বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তবে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাজেদা বেগম ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী। বর্তমানে তিনি পরিবারের হেফাজতে রয়েছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন