পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, “সুস্থ-সবল ও মেধাবী সমাজ গড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এটি নিছক বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা”। তিনি আরও জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এই ‘নতুন কুঁড়ি’র সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে এই মেধা অন্বেষণ কর্মসূচি দেশব্যাপী শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. কেএম বাবর এমপি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ খেলাধুলার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। তিনি অভিভাবকদের তাঁদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান বক্তব্য রাখেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী দিনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ.আই.এল/সকালবেলা