আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব: ‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব: ‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজের রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও তিনি আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সাকিব বলেন, “আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি যদি ছোট কোনো দলেও নাম লিখিয়েছি, তবে সেই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই।”আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, “এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে দাবিয়ে রাখা সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন যে, জোর করে কাউকে দমিয়ে রাখলে তাতে দেশের উন্নতি বা রাজনীতির মঙ্গল হয় না। আগের সরকারের আমলে বিরোধী দল দমনের অভিযোগ প্রসঙ্গে সাকিব বলেন, “যদি আমরা অতীতে এই ভুলটা করে থাকি, তবে এখন সেই ভুলেরই পুনরাবৃত্তি হচ্ছে। পরে অন্য কোনো দল ক্ষমতায় এসে যদি আবারও একই কাজ করে, তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই চক্র শেষ করতে হবে।”

সাকিবের এমন খোলামেলা মন্তব্য বর্তমানে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন