নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন, চলাফেরা এবং জনসম্পৃক্ততাকে ‘ইতিহাসে বিরল’ এক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। শনিবার (২ মে) নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।
মাহদী আমিন তার স্ট্যাটাসে লেখেন, “তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যাঁর রয়েছে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট। কিন্তু তাঁর পরিচয় শুধু এই ক্ষমতাতেই সীমাবদ্ধ নয়; বরং মূল শক্তি দায়বদ্ধতা, জনসম্পৃক্ততা ও মানবিকতায়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকেও তাঁর চলাফেরা, কথাবার্তা ও বেশভূষায় যে চমৎকার সারল্য, স্বাভাবিকতা ও সংযম প্রকাশ পায়, তা ইতিহাসে বিরল।”
বিগত সময়ের প্রধানমন্ত্রীর প্রটোকল ও সাধারণ মানুষের সাথে দূরত্বের তুলনা করে তিনি বলেন, “কিছুদিন আগেও আমাদের মনে হতো, দেশের প্রধানমন্ত্রী মানেই খুব দূরের কেউ। যেন অপ্রাপ্য, ভিন্ন এক জগতের মানুষ, যাঁর প্রতিটি কাজে ভিভিআইপি প্রটোকল আর আরোপিত বিভেদের দেয়াল। কিন্তু সেই চিরাচরিত ধারা ভেঙে দিয়ে জনগণের প্রধানমন্ত্রী আজ সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন।”
প্রধানমন্ত্রীর পারিবারিক জীবনের ওপর আলোকপাত করে উপদেষ্টা মাহদী আমিন লেখেন, রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে তাঁর পারিবারিক জীবনও এক সাধারণ পরিবারের মতোই গড়ে উঠেছে। স্ত্রী ও কন্যা তাঁর জীবনের বড় মানসিক শক্তি। তিনি আরও উল্লেখ করেন, “জনসভায় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাঝেও তিনি মায়ের (বেগম খালেদা জিয়া) ছবির দিকে অপলক তাকিয়ে থাকেন, যা তাঁর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ করে।”
দীর্ঘদিন ধরে তারেক রহমানের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র ও অপপ্রচার প্রসঙ্গে মাহদী আমিন একটি সংবাদ মাধ্যমকে জানান, দশকের পর দশক ধরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও জনগণের আস্থা ও ভালোবাসা সেই নেতৃত্বকে আরও দৃঢ় করেছে। বর্তমানে প্রধানমন্ত্রীকে ঘিরেই গণতন্ত্র এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার প্রত্যাশা আবর্তিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
মাহদী আমিনের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ একে একজন ‘গণমানুষের নেতার’ প্রকৃত চিত্রায়ন হিসেবে বর্ণনা করছেন। তাঁর মতে, তারেক রহমান আজ কেবল একজন রাষ্ট্রনায়ক নন, বরং সাধারণ মানুষের কাছে তিনি বাবা, ভাই বা প্রতিবেশীর মতো এক আত্মিক সংযোগের নাম।